চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য পানি সরবরাহ লাইনের জরুরি সংস্কার কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। এর ফলে আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন সম্পূর্ণ বন্ধ (শাটডাউন) রাখা হবে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ মেগা প্রকল্পের আওতায় হিজড়া খালের ওপর কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজ চলছে। এই কাজের সুবিধার্থেই চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা হবে।
রোববার সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১৮ ঘণ্টা চট্টগ্রামের বেশ কয়েকটি বড় এলাকায় পানি সরবরাহ পুরোপুরি বন্ধ বা বিঘ্নিত থাকবে। এলাকাগুলো হলো:
আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট ও বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা ও আন্দরকিল্লা, বাকলিয়া ও খাজা রোড এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড ও রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড ও কালামিয়া বাজার, করলক আবাসিক এলাকা, তুলাতলী এবং রাজাখালী।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। একই সঙ্গে পানি সরবরাহ বন্ধ থাকার সময়ে ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!