কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোছন (৪৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক কামাল হোছন টেকনাফের দক্ষিণ আলীখালী এলাকার আহমদ হোছনের ছেলে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান চলাকালে ওই এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাদককারবারি কামাল হোছনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।