ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের বিশেষ উদ্যোগে টাঙ্গাইলের মধুপুর গড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর (গারো) শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী ‘এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ ১৫ জুন (সোমবার) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
৫ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে মধুপুর গড়ের লাল মাটি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১০ জন গারো সম্প্রদায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা আইসিটি কর্মকর্তা আব্রারুল ইসলাম শিমুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার মোতালেব হোসেন এবং জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম ওবায়দুল্লাহ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, "মধুপুর ও ধনবাড়ীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে মাননীয় মন্ত্রী মহোদয় দীর্ঘ ২৫ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীই নয়, এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট। আগামীতে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি—রেললাইন, গ্যাস সংযোগ এবং মধুপুরে ফোর-লেন সড়ক বাস্তবায়নেও তিনি কাজ করবেন।"
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান ডিজিটাল যুগে এই প্রযুক্তিগত জ্ঞান ছাড়া চলা অসম্ভব। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এই সময়োপযোগী প্রশিক্ষণটি ব্যক্তিগত ও জাতীয় উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন চমৎকার আয়োজনের জন্য তিনি টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান।"
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, "বর্তমানে সরকারি ও বেসরকারি সকল সেবা কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের এই আধুনিক সেবার সাথে সম্পৃক্ত করতে এবং সচেতনতা বাড়াতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করায় মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। এর পাশাপাশি সামনে আরও তিন মাসব্যাপী উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হতে পারবে।"








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!