ঢাকা ওয়াসার পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণকাজে প্রায় ৬১৭ কোটি টাকার বিপরীতে ৬১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৭৩ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই ভেরিয়েশন প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা অনুমোদিত হয়। ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফর এনআরডব্লিউ রিডাকশন কাজটি করা হচ্ছে।
এর আগে ২০১৮ সালের ৮ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর চীনের প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে ২২০ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৪৩০ টাকায় এই কাজের চুক্তি হয়েছিল। তবে কাজ চলমান অবস্থায় প্রকল্পের পরিধি বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন দেখা দেয়। নতুন এই ভেরিয়েশন প্রস্তাবের কারণে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৮২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৪ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ২৭ দশমিক ৯৮ শতাংশ বেশি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কাজের এলাকায় দ্রুত নগরায়ণের ফলে পাইপলাইনের দৈর্ঘ্য ২০ কিলোমিটার বাড়ানো হয়েছে এবং বিভিন্ন আকারের সার্ভিস কানেকশন ও ফিটিংসের সংখ্যা ১৩ হাজার ৯৭১টি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সড়ক খনন চার্জ, আয়কর ও অগ্রিম আয়কর, মূল্য সমন্বয় এবং বিজিবি এলাকায় সড়ক কার্পেটিংয়ের ব্যয় বেড়ে যাওয়ায় অতিরিক্ত এই অর্থের প্রয়োজন হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!