পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগার সংশ্লিষ্টদের দ্রুত অপসারণ করতে হবে।
আজ রোববার (১৪ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ আংশিক অপসারণ ও বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তূপ এবং পচা-দুর্গন্ধে পরিবেশ বিপর্যস্ত হওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরই দ্রুত এই স্পটগুলো পরিষ্কারের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়ার এই ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ শেষ করা হবে। এরপর পুরো জায়গাটি বালু দিয়ে ভরাট করে সেখানে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হবে। আজ প্রতিমন্ত্রী নিজে গাছের চারা রোপণ করে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন।
ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন:
"শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই হবে না, এর স্থায়ী সমাধান করতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সড়কের পাশে এই ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানি করছিল না, বরং স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর ছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এই পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন এবং মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!