মাঠে পেঁয়াজের বাম্পার ফলন হলেও সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় কৃষকদের যে দুশ্চিন্তা তৈরি হয়, তা লাঘবে নতুন উদ্যোগ নিয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি অফিস। উৎপাদিত পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করে ভালো দামে বিক্রির সুযোগ তৈরি করতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এয়ারফ্লো মেশিন দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ২০ জন কৃষকের হাতে এই মেশিন তুলে দেওয়া হলেও, পর্যায়ক্রমে আরও ১৩০ জন কৃষক এই সুবিধা পাবেন।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের জন্য মোট ১৫০টি এয়ারফ্লো মেশিন বরাদ্দ করা হয়েছে। প্রতিটি মেশিনের জন্য মোট ২৮ হাজার ১০০ টাকা সরকারি বরাদ্দ রয়েছে। যার মধ্যে—মেশিন কেনার জন্য বরাদ্দ ২১ হাজার টাকা, সংরক্ষণ ঘরের মেঝে ও দেয়াল তৈরির জন্য কৃষক পাচ্ছেন ৭ হাজার টাকা
রোববার (৩০ আগস্ট) উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু পেঁয়াজ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর একটি অংশ নষ্ট হয়। ফলে মৌসুমের শুরুতেই কৃষকরা কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হন।
তিনি আরও বলেন, এয়ারফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ দীর্ঘদিন ভালো রাখা সম্ভব হবে, যা কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বাজারে পেঁয়াজের সরবরাহ স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে। সরকারের এই আধুনিক প্রযুক্তির সহায়তা পেয়ে স্থানীয় প্রান্তিক কৃষকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!