ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া সংস্থাগুলোর বরাته পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা নদীর পানিও আগামী কয়েক দিন বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!