আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে এই পদযাত্রা শুরু হবে এবং পরে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কমিটির প্রস্তুতি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় কমিটির সদস্য মিরাজ খান বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে গুমের মতো ঘটনা ঘটেছে, যেখানে মানুষ ঘরে ও বাইরে কোথাও নিরাপদ ছিল না। রাষ্ট্রীয় বাহিনী পরিচয়ে অনেক মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হয়েছে এবং ‘আয়নাঘরে’ বন্দি রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি গুমের পর বহু মানুষকে হত্যা করে মরদেহ সাগরে ফেলে দেওয়ার মতো নির্মম ঘটনাও ঘটেছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে হলে গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিরতরে রোধ ও মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য গুম বন্ধে কঠোর আইন প্রণয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে।

দলমত নির্বিশেষে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় বাংলামোটর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অভিমুখে এই পদযাত্রায় অংশ নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।