Publish at- 23 April 2026, 04:26 PM

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মেয়েকে অপহরণ মামলার রায়ের জের ধরে মামলার বাদী বাস্কর খান (৫০)কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকার হলদিয়া গোয়ালীমান্দ্রা সড়কে খন্দকার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, বাদীর মেয়ে উম্মে হাবিবা নওরিন (১৬)কে অপহরণের ঘটনায় তিনি ২০২২ সালের ১২ এপ্রিল ঢাকা ডিএমপি কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৩১)। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এর বিজ্ঞ বিচারক মো. গোলাম কবির (জেলা ও দায়রা জজ) গত বছরের (২০২৫ সালের) ২০ নভেম্বর  আসামি ফারহান আহমেদ প্রান্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ওই মামলার রায়ের ক্ষিপ্ত হয়ে গত ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিকেলে সাতঘড়িয়া এলাকার খন্দকার বাড়ির সামনে পৌঁছালে আসামি ফারহান আহমেদ প্রান্ত ও অজ্ঞাতপরিচয় আরও তিন ব্যক্তি বাস্কর খানের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা লোহার রড ও কাঠের ডাসা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। অভিযুক্তরা মানবপাচার, মাদক চোরাচালান সিন্ডিকেট, সংঘবদ্ধ সন্ত্রাস এর সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। তাই বর্তমানে বাদী বাস্কর খান চরম জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।