মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।
গ্রিনিচ মান সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সেশনেই ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের শেষের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
অন্যদিকে, মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে উঠেছে। দিনের শুরুর দিকে এর দাম ১ শতাংশেরও বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সেখান থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে, যা তেলের দাম আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!