রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে ৫৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সমবেত হয়। পরে সেখানে সবাই খিচুড়ি খাওয়া শেষ করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় সবাই সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল।
এখানে আওয়ামী লীগের কোনো বড় নেতা গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল কিন্তু তার আগেই আমরা অভিযান পরিচালনা করেছি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!