২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় 'প্রিয়তমা' সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করে।
এরপর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় 'বরবাদ' সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হন এই জুটি। সিনেমাটিও বড় সাফল্য পাওয়ার পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করে।
এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শাকিব-ইধিকা জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা 'নিঃস্ব'-তে একসঙ্গে অভিনয় করতে পারেন তারা। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হলেও নায়িকার বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
ইধিকার সম্ভাবনা প্রসঙ্গে নির্মাতা হৃদয় জানান, এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের তালিকায় ইধিকা পালও রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে 'নিঃস্ব' সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। এই সিনেমাতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!