দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থান জনপ্রিয় 'নাজকা লাইনস' পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন। তারা বিখ্যাত নাজকা লাইনস দেখতে যাচ্ছিলেন, যা মাটিতে খোদাই করা বিশাল ভূ-চিত্র নিয়ে গঠিত একাধিক প্রত্নতাত্ত্বিক স্থানের সমষ্টি। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো থেকে যাত্রা শুরু করেছিল।
পেরুর দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে আন্দিজ পর্বতমালার নিকটবর্তী এলাকায় নাজকা লাইনস অবস্থিত। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে এগুলো নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এর ঐতিহাসিক ও বৈশ্বিক গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এটিকে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিশাল আকৃতির কারণে পর্যটকেরা সাধারণত আকাশ থেকেই বিমান বা ছোট ফ্লাইটের মাধ্যমে নাজকা লাইনসের বানর, হামিংবার্ড ও বিড়ালের মতো প্রাণী এবং বিভিন্ন জ্যামিতিক নকশা উপভোগ করে থাকেন। ঐতিহাসিক এই স্থানটি পরিদর্শনের জন্য প্রতিবছর দেশটিতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!