টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ মিঠুর মা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে। এ সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং মাটির ব্যাংকে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।