ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি নিরাপদে গুলশানের বাসভবনে ফিরে আসেন।

প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ ঘুরে দেখেন। তার পরিদর্শনের রুটটি ছিল—পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সার্বিক নগর ব্যবস্থাপনা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন এলাকায় কাজের বর্তমান মান ঘুরে দেখার সময় কয়েকটি নির্দিষ্ট বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তা দ্রুত সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের নানা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে নিজের বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। এরপর তাদের সঙ্গে নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে নিজ বাসভবন থেকে গাড়ি চালিয়ে আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।

ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী হয়ে গুলশান বাসভবন।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন,  বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।