জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি নির্মূল করা সম্ভব নয়। একই সঙ্গে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেও সংস্কারের কোনো বিকল্প নেই।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত নির্বাচনের আগে যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন তাদের অবস্থান থেকে সরে এসেছেন। যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারাই এখন সংস্কারের প্রয়োজন নেই বলে বক্তব্য দিচ্ছেন। জনগণ তাদের এই বিশ্বাসঘাতকতা ভুলে যায়নি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেই জনগণ তাদের রেডকার্ড দেখাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি এই সরকারকে সংস্কারের পথে আনতে না পারি, তবে পাথরশ্রমিকদের মজুরি বৃদ্ধি করা সম্ভব হবে না। একইভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর মতো অপসংস্কৃতিও বন্ধ করা যাবে না।’

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।

বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।