চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ফাঁকি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর ফাঁকির সুযোগ দেওয়া হবে না। রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে এখন থেকে প্রতি মাসে রাজস্ব বিভাগের সাথে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ জুন) লালদিঘির চসিক পাবলিক লাইব্রেরি ভবনে রাজস্ব বিভাগের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মেয়র এই নির্দেশনা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন সরকারি প্রতিষ্ঠান, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফাইভ স্টার হোটেল, মার্কেট, গার্মেন্টস কারখানা ও কনটেইনার ডিপোগুলোর বকেয়া ও প্রাপ্য হোল্ডিং কর যথাযথভাবে আদায়ের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, কর আদায়ে কোনো ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন ও প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, জনবল সংকট ও ব্যবসায়ীদের কর ফাঁকির প্রবণতার কারণে বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব এখনো আদায়ের বাইরে রয়ে গেছে। মেয়র নগরীর যেসব স্থাপনা এখনো রাজস্বের আওতায় আসেনি, সেগুলোর দ্রুত হোল্ডিং কর মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) সম্পন্ন করার পরামর্শ দেন।