গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের সাজার মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে দেশটির একটি আদালত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অপরাধে তার ওপর এই অতিরিক্ত দণ্ড আরোপ করা হয়েছে।
ক্রেইগ ফোরম্যান ও তার স্ত্রী লিন্ডসে মোটরসাইকেলে বিশ্বভ্রমণের সময় ইরানে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এবং আদালত তাদের ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
পরিবারের মুখপাত্র ও তাদের ছেলে জো বেনেট জানিয়েছেন, ক্রেইগ ফোরম্যানকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের কথা বলে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে জানানো হয় যে গণমাধ্যমে কথা বলার কারণে তার সাজা বাড়ানো হয়েছে। বেনেট অভিযোগ করেন, এই বিচার প্রক্রিয়ায় ক্রেইগ ফোরম্যানকে আইনজীবী বা দোভাষীর সহায়তা দেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, সাজা বাড়ানোর বিষয়টি নিয়ে তারা ইরানের কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করছেন।