গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ বছর বয়সি এক বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ১৫ জুলাই দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বিষয়টি বিকেলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।
এ ঘটনায় অভিযুক্ত হেলাল উদ্দিন একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগীর বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ সময় স্থানীয় এক নারী ওই বাড়ির টিউবওয়েলে পানি আনতে গিয়ে ঘটনাটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।