নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই গাড়িচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে অভিযুক্ত ওই দুই চালককে সাগরিকা শাখা থেকে দামপাড়ার যান্ত্রিক শাখায় (পুল) বদলি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। অভিযুক্ত চালকরা হলেন মো. শাহ আলম ও আব্দুল মাবুদ।
চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সই করা আদেশে জানানো হয়েছে, মেয়র এই দুই চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সচিব বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই দুই চালককে প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা থেকে দামপাড়ায় (পুল) সংযুক্ত করা হয়েছে। তাদেরকে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।