রাজধানীর নিউমার্কেট ট্রাফিক জোনে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে এবং ২৫টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা যৌথভাবে অংশ নেন।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে। রাস্তার ওপর গাড়ি পার্কিং এবং অননুমোদিতভাবে পরিচালিত মোটরযান মেরামত গ্যারেজগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।