কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানাতে দোহা সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে একটি প্রতিনিধিদল নিয়ে স্পিকার দোহার উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের বর্তমান আমিরের কাছে একটি শোকবার্তা হস্তান্তর করবেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আগামী ১৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির দোহা থেকে সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত যাবেন এবং ১৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, রোববার কাতারের আমিরের কার্যালয় থেকে দেশটির সাবেক আমিরের মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর তিনি কাতার শাসন করেছেন। ২০১৩ সালে ক্ষমতা হস্তান্তরের পর তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।