যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ১৯৭১ সালের রণাঙ্গনের প্রথম সারির বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বনানী কবরস্থানে পরিবারের সদস্য এবং তারই হাতে গড়া প্রতিষ্ঠান যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকাল সোয়া ৯টায় নুরুল ইসলামের কবরে পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সহধর্মিনী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

পরে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম, যুগান্তরের যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা টেলিভিশন ভবনের নিচতলায় কোরআন খানি, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, আপসহীন কর্মবীর নুরুল ইসলাম ২০২০ সালের ১৩ জুলাই পরলোকগমন করেন। নিজের সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।