অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ঐতিহাসিক কারণেই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তজনা থাকলেও, আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এটিকে স্রেফ ‘একটি ফুটবল ম্যাচ’ হিসেবেই দেখছেন।

নরওয়ে নাকি ইংল্যান্ড—সেমিতে কাকে চেয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ। এর চেয়ে বেশি কিছু খোঁজার প্রয়োজন নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং যাদের একজন অসাধারণ কোচ আছেন।’

নকআউট পর্বের টানা তিনটি ম্যাচে শারীরিক ও মানসিক ধকলের পর স্কালোনির বর্তমান মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের দ্রুত সতেজ করে তোলা। তিনি বলেন, ‘এই মুহূর্তে খেলোয়াড়দের এনার্জি ফিরিয়ে আনা এবং ভালোভাবে রিকভারি করা আমাদের জন্য সবচেয়ে জরুরি।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, দলের উন্নতির এখনো অনেক জায়গা রয়েছে। তবে জয়ী অবস্থায় ভুলগুলো বিশ্লেষণ করা সহজ বলে তিনি মনে করেন।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম, কিন্তু এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। আবারও সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে ইতিহাস।’

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যারি কেইনের ইংল্যান্ড। এখন সেমিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংলিশরা। মাঠের লড়াইয়ের আগেই ড্রেসিংরুম ও গ্যালারিতে শুরু হয়েছে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আবহ, যা এই মহারণকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।