সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন—এমন আলোচনার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, “শেখ হাসিনা দেশে ফিরবেন কেবলমাত্র তার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের দায়িত্ব হলো যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।”
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা কীভাবে আসবেন বা সারেন্ডার করবেন কি না—সেটা ঠিক করবে বাংলাদেশ সরকার। এই বিষয়ে সরকার দিল্লির সঙ্গে আলোচনা করবে। এখানে আর কোনো পক্ষ নেই। সব প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে এবং সরকার যদি তাতে প্রশ্রয় দেয়, তবে তার দায়ভার সরকারকেই নিতে হবে। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী জনগণ, শহীদ পরিবার এবং আহতরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা উদ্যোক্তারা অংশ নেন এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।