জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে জাতীয় মৎস্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
জানা গেছে, ১৬ আগস্ট জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানটি কটিয়াদীর আচমিতা এলাকার ওই হ্যাচারিতেই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে দিবসের উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
সংসদ সদস্য জালাল উদ্দিন আরও জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরটি সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।