দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতি ভারি বর্ষণের কারণে রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাঙামাটিতে টানা অতি ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও ভূমিধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়াও বৃষ্টির কারণে বেশ কিছু স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রসহ এর আওতাধীন সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অহেতুক সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।