রাজবাড়ী সদর উপজেলার সদর খাদ্য গুদামের সামনের একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিবুর রহমান নামে এক টোকাই ময়লার ভাগাড়ে আবর্জনা কুড়াতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা রাজবাড়ী সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, "সন্তান পাওয়ার জন্য অনেক দম্পতি হাহাকার করেন, অথচ এমন একটি নিষ্পাপ শিশুকে এভাবে ফেলে রাখা সত্যিই হৃদয়বিদারক।"
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, এই অমানবিক ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু হয়েছে।