রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই ঘটনায় মনসুর মণ্ডল ওরফে বোদা (৩৪) নামে এক মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক মনসুর রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় অবস্থিত এসএ পরিবহনের শাখা থেকে ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়।
রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রংপুর ও বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে এসএ পরিবহন কাউন্টারে অবস্থান নেন। একপর্যায়ে মাদককারবারি মনসুর মণ্ডল কক্সবাজার থেকে চায়ের প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসে আসা পার্সেলটি নিতে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে চায়ের প্যাকেটের ভেতর তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকারও বেশি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, কক্সবাজারে মনসুরের একটি চায়ের দোকান রয়েছে। সে মূলত চায়ের ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করতো।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ দল অভিযান চালিয়ে তাকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে এবং সে কার মাধ্যমে এই মাদক সরবরাহ করতো, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।