গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হলেও, তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে বাসন থানার মালেকের বাড়ি ছয়দানা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর মাধ্যমে তার প্রকৃত রাজনৈতিক পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।
অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপি জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা কয়েকটি পুরোনো ছবি ছড়িয়ে দিয়ে আব্দুর রহিমকে আওয়ামী লীগের কর্মী হিসেবে অপপ্রচার করা হয়। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অত্যন্ত সক্রিয় ছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রাব্বানী জানান, তদন্তে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং বিএনপির রাজনীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অকাট্য তথ্য পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একটি বিশেষ মহল সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।