টাঙ্গাইলের মধুপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সাদিকুল (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পৌর শহরের আদালত পাড়ার সেগুন বাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাদিকুল স্থানীয় বিল্লাল হোসেনের ছেলে।
আজ বুধবার (১ জুলাই) সকালে সাদিকুলের থাকার ঘরের পাশের সড়ক দিয়ে স্থানীয় লোকজন যাতায়াত করার সময় ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।