নীলফামারীর ডোমারে চলন্ত ট্রেন থেকে পড়ে রিফাত ইসলাম (৯) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত রিফাত সৈয়দপুরের নয়াটোলা এলাকার শামিম হোসেনের ছেলে এবং তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ডোমারের বোড়াগাড়ী এলাকায় পৌঁছালে শিশু রিফাত চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল হক জানান, উদ্ধার করার সময় শিশুটির একটি পায়ের হাড় ভাঙা এবং মাথায় গুরুতর আঘাত ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।