মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে কসবা গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। চিরকুটে সরাসরি হত্যার হুমকি দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
উদ্ধার হওয়া চিরকুটে হুমকি দিয়ে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’
ভুক্তভোগী রজব আলী জানান, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু এবং চিরকুটটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তিনি দ্রুত গাংনী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃত বিস্ফোরক কি না তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কে বা কারা, কী উদ্দেশ্যে বাড়ির ভেতরে এই হুমকি ও বিস্ফোরক সদৃশ বস্তু রেখে গেছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।