জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ জুন) হামবুর্গের কাছাকাছি অবস্থিত এই শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
স্টাড পুলিশ জানিয়েছে, গোলাগুলির খবর পাওয়ার পর দ্রুত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ মুখপাত্রের তথ্যমতে, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে একজনের ভূমিকা স্পষ্ট হলেও, দ্বিতীয় ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় জড়িত আর কোনো সন্দেহভাজন বর্তমানে পলাতক নেই।
ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। জার্মানিতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বিরল হলেও, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে ২০২৩ সালে হামবুর্গের একটি উপাসনালয়ে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছিলেন।
বর্তমানে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আহতদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।