ক্রমবর্ধমান বৈশ্বিক অপরাধ মোকাবিলায় কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, কার্যকর তথ্য বিনিময় এবং সক্ষমতা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কো-অপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক এক সমন্বয় সভার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন মূল প্রবন্ধে উল্লেখ করেন, সহিংস উগ্রবাদ, সাইবার অপরাধ, ডিজিটাল জালিয়াতি, সন্ত্রাসবাদে অর্থায়ন, মানব পাচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অপরাধ (যেমন: ডিপফেক ও অপতথ্য) এখন কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক সংকট। তাই এসব অপরাধ দমনে শক্তিশালী কূটনৈতিক অংশীদারত্ব এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “বাংলাদেশ পুলিশ কেবল অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থারও এক নির্ভরযোগ্য অংশীদার।” তিনি জানান, দূতাবাস এবং বিদেশি সংস্থাগুলোকে বাংলাদেশ পুলিশের অপারেশনাল ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন, যা দ্রুত তথ্য আদান-প্রদান ও উন্নত সহায়তা নিশ্চিত করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, সাইবার ক্রাইম, ফাইনান্সিয়াল ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম মোকাবিলায় বিভিন্ন দেশের সাথে পুলিশের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের ভূমিকার প্রশংসা করে দূতাবাসগুলোর নিরাপত্তায় একটি বিশেষায়িত ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ম্যানি লন্ডারিং, সাইবার ক্রাইম ও মানব পাচারের মতো অপরাধ দমনে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার সুপারিশ করা হয়। অংশগ্রহণকারী বিদেশি কূটনীতিকরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ পুলিশের পক্ষে ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইজি তাপতুন নাসরীন ও ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।