সৌদি আরবের রাস তানুরা শহরে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'আরামকো'-র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সৌদি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হলো, তা নিরূপণে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। মন্ত্রণালয় এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে।

এদিকে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের বিমানবন্দরের কাছে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বিমানটি প্যারাসুট নিয়ে আকাশ থেকে লাফ দেওয়ার উদ্দেশ্যে একদল আরোহীকে বহন করছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। পুলিশ তোম্বলেইন বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।