চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৫.২৯ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৯ জুন) রাতে এই কম্পন অনুভূত হয়। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল অগভীর হওয়ায় কম্পন সিচুয়ানের রাজধানী চেংডুসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে তীব্রভাবে অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আঞ্চলিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে। তবে এলাকাটি পার্বত্য ও প্রত্যন্ত হওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানতে কিছুটা সময় লাগতে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে সিচুয়ান প্রদেশ অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০০৮ সালে এই প্রদেশে ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সোমবারের এই কম্পনের পর স্থানীয়দের মধ্যে সেই স্মৃতি থেকে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।