গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ড ও অপপ্রচারের প্রতিবাদে রাজপথে সরব অবস্থান নিয়েছে টঙ্গী পূর্ব থানা ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল। সম্প্রতি গাছা থানা এলাকায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে টঙ্গীতে বিশাল এক মোটরসাইকেল শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা।
এই শোডাউনের নেতৃত্ব দেন ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আল মনসুর টুটুল। বিশাল এই মোটরসাইকেল বহরটি টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের শক্তি ও ঐক্যের জানান দেয়।
শোডাউন চলাকালীন নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর রাজপথ। এ সময় আল মনসুর টুটুল হুশিয়ারি দিয়ে বলেন, “টঙ্গীর মাটিতে যেকোনো ধরণের নৈরাজ্য মোকাবিলায় ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল সর্বদাই প্রস্তুত। কোনো অপশক্তি বা অপপ্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করলে তা রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করতে তারা রাজপথে সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শোডাউনে গাজীপুর মহানগর ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।