লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ জুন) রাতে হিজবুল্লাহর গানম্যানের গুলিতে তার প্রাণহানি ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনার নাম ক্যাপ্টেন ডেভিড হাজুত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
আইডিএফ সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামের একটি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি দল প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় হিজবুল্লাহর এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই ক্যাপ্টেন হাজুত নিহত হন এবং অপর এক সেনা সদস্য সামান্য আহত হন। আহত সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় হিজবুল্লাহর বন্দুকধারীকে খুঁজে বের করতে জোরালো অভিযান এবং পাল্টা বিমান হামলা চালায়।
চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী শুরু থেকেই এই যুদ্ধবিরতির শর্ত মানার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে ইরানের কঠোর অবস্থানের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করে। তা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।