চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া ১৫৭টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোবাইল ফোন ছাড়াও পাঁচটি ল্যাপটপ, নগদ অর্থ এবং মোবাইলের আইএমইআই (IMEI) পরিবর্তনের আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর নন্দনকানন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সোহেল উদ্দিনসহ অন্য চার সদস্যকে আটক করা হয়।
২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন। পাঁচটি ল্যাপটপ ও ২০১টি মোবাইল সিম। নগদ ১ লাখ ১ হাজার ৫০০ টাকা। ৪৪৫টি মোবাইল ফোনের কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার ও আইএমইআই পরিবর্তনের মেশিন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে চোরাই মোবাইল সংগ্রহ করত। এরপর বিশেষ সফটওয়্যার ও কারিগরি সরঞ্জাম ব্যবহার করে ফোনগুলোর আইএমইআই নম্বর ও বাহ্যিক কেসিং পরিবর্তন করে নতুন রূপ দিত, যাতে এগুলো আসল ফোন হিসেবে সহজে বিক্রি করা যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্ববর্তী একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সোহেলের বিরুদ্ধে ৮টি, জাহাঙ্গীর মনির বিরুদ্ধে ৪টি এবং আবু সাঈদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।