টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

২২ জুন সোমবার বিকেলে পরিচালিত এ অভিযানে প্রায় ৩ হাজার ৫শ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। বিলের বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল তোলে আনেন প্রশাসন। 

অভিযানে মধুপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে হাওদা বিলের বিভিন্ন স্থানে অবৈধভাবে ব্যবহৃত চায়না দুয়ারি জাল উদ্ধার ও জব্দ করা হয়। পরে উপস্থিত সকলের সম্মুখে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, যা জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। এ কারণে জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে অবৈধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। এ সময় তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপর দিকে, ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না জাল জব্দ করা হয়েছে।  ২২ জুন সোমবার উপজেলার ছত্রপুর নামক স্থানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও  বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । 

পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । মেবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী । অভিযানে  উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও তাঁর দপ্তরের কর্মচারীগণ ।