সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী মিছিল-মিটিং, উসকানিমূলক কর্মকাণ্ড, প্রশাসনকে হুমকি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (২২ জুন) বিকেলে রাজধানীর বনানীস্থ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। এরপর গুলশান-২ সার্কেলে গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে ঢাকার প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন:
জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে দেশের বিভিন্ন সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা ধরে রাখতে হবে। যেকোনো অবৈধ ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজ নিজ ক্যাম্পাসে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। তিনি বলেন:
"দীর্ঘ সময় ধরে দেশের মানুষ যে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।"
তিনি নেতাকর্মীদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যেকোনো সন্দেহজনক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতারা দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গণে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পক্ষে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।