বিংশ শতাব্দীর ষাটের দশকের অন্যতম প্রধান কবি, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) দেওয়া এক বিশেষ শোকবাণীতে তিনি এই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, "ষাট ও সত্তরের দশকের অন্যতম প্রথিতযশা কবি আল মুজাহিদী আজ ১৯ জুন বিকেলে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি।"

কবির বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে তিনি আরও বলেন, "কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি অনন্য অবদান রেখে গেছেন। বিশেষ করে শিশু সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তাঁর সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর এই অবদান চিরকাল স্মরণ করবে।"

শোকবাণীতে জামায়াত আমির মরহুমের রুহের মাগফিরাত কামনা করে প্রার্থনা করেন, "আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সব নেক আমল ও সাহিত্যিক খেদমত কবুল করুন। তাঁর সব ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে সেগুলোকে নেকিতে পরিণত করুন। তাঁর কবরকে প্রশস্ত ও জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।"

একই সঙ্গে তিনি কবির শোকসন্তপ্ত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রবের দরবারে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার তাওফিক কামনা করেন।