কোনো ট্রাভেল এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য আদায় করলে বা টিকিট সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের লাইসেন্স/নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে বিমানমন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ প্রশ্ন-উত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।

অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিট বুকিংয়ে দিন ও সময়কে কেন্দ্র করে ভাড়া ওঠা-নামা করার বৈজ্ঞানিক ও বাণিজ্যিক ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাত্রী পরিবহনের মতো অভ্যন্তরীণ রুটেও এয়ারলাইন্সগুলোর ভাড়া সময় এবং চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি বিশ্বব্যাপী ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘ডাইনামিক প্রাইসিং’ (Dynamic Pricing) পদ্ধতি নামে পরিচিত। বিশ্বের অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াও এই পদ্ধতিতেই নির্ধারিত হয়ে থাকে।

মন্ত্রী আরও জানান, একই রুটে বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক ভাড়া এবং অন্যান্য বিভিন্ন নিয়ামক যেমন—জ্বালানির মূল্য, পরিচালনা ব্যয়, এয়ারক্রাফটের ধরন, পিক ও অফ-পিক মৌসুম, যাত্রী চাহিদা, আসন প্রাপ্যতা এবং অগ্রিম বুকিংয়ের ওপর ভিত্তি করে টিকিটের মূল্য নির্ধারিত হয়। ফলে অধিক চাহিদাসম্পন্ন সময়ে ভাড়া কিছুটা বৃদ্ধি পায় এবং কম চাহিদাসম্পন্ন সময়ে ভাড়া হ্রাস পায়।

মুক্ত বাজার অর্থনীতি এবং এভিয়েশন শিল্পের বৈশ্বিক নিয়ম অনুযায়ী টিকিটের সরাসরি কোনো ফিক্সড বা নির্ধারিত ভাড়া আরোপ করা হয় না উল্লেখ করে আফরোজা খানম বলেন, এরপরও অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া যাতে সাধারণ যাত্রীদের ক্রয়ক্ষমতার মধ্যে এবং সাশ্রয়ী পর্যায়ে থাকে, সে বিষয়ে বিমান সর্বদা সচেষ্ট।

বিমান মন্ত্রী জানান, টিকিটের মূল্যের স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং সাধারণ যাত্রীদের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে ‘বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে।

তাছাড়া, টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি প্রতারণা রুখতে এখন থেকে টিকিটের গায়ে আবশ্যিকভাবে আসল মূল্য, সংশ্লিষ্ট এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান টিকিটের দাম যেন যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিয়মিত ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় ও তদারকি চালিয়ে যাচ্ছে।