তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’-এর লক্ষ্যে আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এর একটি সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে মূলত সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমেই গণমাধ্যমের ভবিষ্যৎ সংস্কারের টেকসই পথরেখা তৈরি করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে সরকারের ভুলত্রুটিগুলো তুলে ধরতে হবে, যাতে সেগুলো সময়মতো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।