চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মায়ের কাছে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার (১৫ জুন) বিকেলের দিকে উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম পাটওয়ারী মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বেশ কয়েক মাস আগে স্থানীয় কিছু মাদক কারবারির সংস্পর্শে এসে নাঈম নিজেও মারাত্মকভাবে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার মায়ের ওপর চাপ সৃষ্টি করত এবং টাকা না পেলে মাকে মারধরও করত। পরিবার তাকে এই মরণনেশা থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরেও নাঈম মাদক সেবনের জন্য তার মায়ের কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি সুপারি বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর ভাষ্য, মাদকাসক্ত হওয়ার পর থেকেই নাঈম উগ্র আচরণ করত এবং নেশার টাকার জন্য পরিবারের ওপর অত্যাচার চালাত। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।