পঞ্চগড়ে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে জমকালো ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হয়েছে সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ। শনিবার রাতে গান, নৃত্য ও নাটকের উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানের ক্যাম্প ফায়ার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু এবং এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।
গত ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া এ সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্যসহ ইউনিট লিডার ও প্রতিষ্ঠানপ্রধানেরা অংশ নেন। পাঁচ দিনের এই আয়োজনে স্কাউটদের বিভিন্ন চ্যালেঞ্জ ও কার্যক্রমের পাশাপাশি গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।
সমাপনী রাতে বিভিন্ন দলের পরিবেশনা পুরো সমাবেশস্থল মাতিয়ে রাখে। আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের 'প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ' গানের নৃত্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এছাড়া বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের জুলু নৃত্য, গলেহাহাট ফাযিল মাদরাসার নাটক 'পশুর বয়ান', হাজী ছফির উদ্দীন গার্লস স্কুলের নৃত্য, দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের পুতুলনাচ এবং নুরুন আলা নুর কামিল মাদরাসার হামদ পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।