পাসপোর্টে জালিয়াতি করে অন্য দুই ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দরে চারজনকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুরগামী বিজি-৩৮৬ ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন তল্লাশিতে তাঁদের ধরা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—দুই প্রবীণ যাত্রী মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ শাবুর মিয়া এবং দুই তরুণ আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু। পাসপোর্টের তথ্য যাচাইকালে দেখা যায়, আতিকুর ও অপুর পাসপোর্টে জরুরি যোগাযোগের ঘরে যথাক্রমে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বয়স ও আনুষঙ্গিক অন্যান্য তথ্যে চরম অসংগতি দেখা দেওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হয়। অনুসন্ধানে জানা যায়, পাসপোর্টে মূল পিতার নাম পরিবর্তন করে ওই দুই ব্যক্তির নাম বসানো হয়েছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বহুবার বিদেশ ভ্রমণ করা হেলাল উদ্দিন ও শাবুর মিয়া তরুণদের নিজেদের সন্তান পরিচয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাঁরা ঠিক কী উদ্দেশ্যে তরুণদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন তা এখনও নিশ্চিত না হওয়ায় এখনই এটিকে মানব পাচার হিসেবে চিহ্নিত করা হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, তথ্যের অসংগতি ধরা পড়ার পর আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।