নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বদলগাছী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কাদিমপুর গ্রামে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে টাকা দাবি এবং টাকা না দিলে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছিল ওই দুই ব্যক্তি। তথ্য পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, প্রায় এক মাস আগেও তারা একই গ্রামে একইভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।