বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত পাইকারি বাজারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো এই বোমাবর্ষণে অন্তত ৪৯ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, মিয়ানমার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বাজার লক্ষ্য করে দুটি বোমা ফেলে। এতে হতাহত হওয়া সবাই সাধারণ পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ী। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা ওয়াই হুন অং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারটি রাখাইন রাজ্যের অন্যতম বড় পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময়ই ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে বাজারসহ আশপাশের ভবন, গাড়ি ও সংলগ্ন একটি সেতু ক্ষতিগ্রস্ত ও আগুনে জ্বলতে দেখা গেছে। কিয়াউকতাও শহরটি বর্তমানে সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির সরকারকে হটিয়ে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর রাখাইনে নিজেদের শক্তিবৃদ্ধি করে আরাকান আর্মি। ২০২৩ সাল থেকে পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে সংঘাত শুরু করে গোষ্ঠীটি। বর্তমানে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণই আরাকান আর্মির হাতে রয়েছে।